জনতা লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৬ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুরে আওয়ামী জনতা লীগ নেতা শেখ মনির হোসেন হত্যা মামলার প্রধান আসামি আলমগীরসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন আলমগীর (৪৫), আরিফ (৩২) ও হাবিবুল্লাহ (৩৪)। তারা কুতুবপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী মীরু বাহিনীর অন্যতম সদস্য এবং মনির হত্যা মামলার আসামি।

বুধবার বিকেল ৩টার দিকে ঢাকার পোস্তাখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পোস্তকোলায় অভিযান চালিয়ে মনির হত্যার প্রধান আসামি আলমগীরসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হবে।  

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুতুপুরের রসুলপুর এলাকায় সন্ত্রাসী মীরু বাহিনীর সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে স্ত্রী-সন্তানের সামনে জনতা লীগ নেতা মনির হোসেনকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত মনিরের স্ত্রী পারভীন আক্তার মেঘলা বাদী হয়ে সন্ত্রাসী মীরু বাহিনীর সদস্য আলমগীর, শাকিলসহ ৮ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মো: শাহাদাত হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।