গাজীপুরে বাসে আগুন যানবাহন ভাঙচুর


প্রকাশিত: ১১:১২ এএম, ২৮ নভেম্বর ২০১৬

গাজীপুরের চান্দনা চৌরাস্তা সংলগ্ন নলজানী এলাকায় দুর্ঘটনায় শ্রমিক আহতের জেরে বাসে আগুন ও যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদক্ষণ করেন। এ ঘটনার পর আশেপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা-গাজীপুর সড়কে এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত মো. মামুন (৩২) স্থানীয় টার্গেট ফাইনওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লিংকিং ডিস্ট্রিবিউটর। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের খাবার পর পৌনে ২টার দিকে কর্মস্থলে যাচ্ছিলেন মামুন। পথে কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী বলাকা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে এবং আহত মামুনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়।

Gazipur

এদিকে, বাসচাপায় পোশাক শ্রমিক কর্মচারী আহতের খবর কারখানায় ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা এবং স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদক্ষণ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা ওই বাসটিতে অগ্নিসংযোগ করে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহন ভাঙচুর শুরু করে। এতে ওই সড়কের চান্দনা-চৌরাস্তা-গাজীপুর অংশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিস ও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি শান্ত করেন। প্রায় এক ঘণ্টা পর ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। এ ঘটনার পর আশেপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা সোমবারের জন্য ছুটি ঘোষণা করে।

কারখানার নিরাপত্তা সুপারভাইজার মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এরপর তাকে রাজধানীর উত্তরাস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিক মারা যাওয়ার খবর সঠিক নয়। 

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।