আত্মসমর্পণের পর জামিন পেলেন ট্যাম্পাকোর মালিক
গাজীপুরের টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় টঙ্গী থানায় দায়েরকৃত দুই মামলায় উচ্চ আদালতের নির্দেশে ৬ আসামি আত্মসমর্পণ করেছেন।
একই সঙ্গে ওই কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনকে অস্থায়ী জামিন দিয়েছেন আদালত। আত্মসমর্পণ করা অপর পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার গাজীপুর আদালতে ছয়জন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনকে অস্থায়ী জামিন দেন।
এর আগে গত ২৩ নভেম্বর ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেনসহ ছয়জনের জামিন আবেদন খারিজ করেন হাইকোর্ট। সেই সঙ্গে তাদের এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশে আসামিরা দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হকের আদালতে আত্মসমর্পণ করেন।
শুনানি শেষে আদালত ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনকে ৪ জানুয়ারি ২০১৭ পর্যন্ত অস্থায়ী জামিন দেন। অপর পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষে মামলার শুনানি করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
মোঃ আমিনুল ইসলাম/এএম/আরআইপি