তুরাগ পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ৩০ নভেম্বর ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদের পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।

বুধবার সকাল থেকে অভিযান চালিয়ে এক একর জমিতে থাকা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিড এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত মান্নান জানান, টঙ্গী বাজারের দক্ষিণ পাশে তুরাগ নদের পাড়ে দীর্ঘ দিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছে।

এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্থানীয় প্রভাবশালীরা নিয়মিত চাঁদা উঠাতো। পরে উচ্চ আদালতের নির্দেশে বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে নদী বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রসাশন অভিযান শুরু করে। অভিযান চালিয়ে তুরাগ নদের সীমানার মধ্যে থাকা অবৈধ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা নদী বন্দর যুগ্ম পরিচালক গুলজান আলী, উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সঙ্কর কুমার বিশ্বাস, সহকারী পরিচালক মো. নূর হোসেন, টঙ্গী নদী বন্দরের সমন্নয় কর্মকর্তা জাহাঙ্গীর ভূইয়া, টঙ্গী পৌর ভূমি সহকারী কর্মকর্তা এস এম মান্নান, ভূমি উপ-সহকারী মো. রোমান হোসেন প্রমুখ।

টঙ্গী পৌর ভূমি সহকারী কর্মকর্তা এস এম মান্নান জানান, এর আগেও গাজীপুর জেলা প্রশাসকের নির্দেশে একাধিকবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর পরও কিছু অসাধু ব্যবসায়ীরা রাতের আঁধারে ওসব স্থাপনা গড়ে তুলে।

মো. আমিনুল ইসলাম/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।