কুমিল্লার রানী ময়নামতি প্রাসাদের খনন শুরু
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক খননস্থানগুলোর অন্যতম হচ্ছে রানী ময়নামতি প্রাসাদ। দীর্ঘ দিন খনন কাজ বন্ধ থাকার পর রোববার থেকে সেখানে পূনরায় খনন কাজ শুরু হয়েছে।
সকালে খনন কাজের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।
জানা যায়, কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কি.মি. পশ্চিম-উত্তরে কুমিল্লা- সিলেট মহাসড়কের পাশে অবস্থিত রানী ময়নামতি প্রাসাদ লালমাই-ময়নামতি পাহাড় শ্রেণির সর্ব উত্তর প্রান্তে বিচ্ছিন্ন একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। সমতল ভূমি হতে এর উচ্চতা ১৫.২৪ মি.।
১৯৬৫ ও ১৯৮৮ সালের দিকে সেখানে প্রত্নতাত্ত্বিক খননের ফলে বৌদ্ধ ধর্মীয় ক্রশাকার মন্দিরসহ ৪টি নির্মাণ যুগের স্থাপত্য নিদর্শন উন্মোচিত হয়েছিল।
এছাড়াও খননের সময় সেখানে বেশ কিছু পোড়া মাটির ফলক এবং অলংকৃত ইট আবিষ্কৃত হয়েছিল। এটিকে ৮ম থেকে ১২ শতকের প্রাচীন প্রত্নকীর্তি বলে ধারণা হয়। কিন্তু অর্থ সংকটের কারণে দীর্ঘদিন যাবৎ সেখানে খনন কাজ বন্ধ থাকার কারণে ওই এলাকাটি অনেকটা গো-চারণ ভূমিতে পরিণত হয়।
সংশ্লিষ্টরা জানান, ময়নামতি-লালমাই পাহাড় কম উচ্চতা বিশিষ্ট একটি বিচ্ছিন্ন পর্বত সারির ১৮ কিমি দীর্ঘ এবং ২ কিমি প্রশস্থ পার্শ্বীয় শাখা। এই অঞ্চলে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ৫০টিরও অধিক বৌদ্ধ বসতি গড়ে উঠেছিল।
ময়নামতির প্রত্নতাত্ত্বিক খননস্থানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল হচ্ছে শালবন বিহার, কোটিলা মুড়া, চারপত্র মুড়া, রূপবানমুড়া, ইটাখোলা মুড়া, আনন্দ বিহার, রানীর বাংলা (প্রাসাদ) ও ভোজ রাজার বিহার। এসব খননকালে অনেক মূল্যবান পুরাসামগ্রী খুঁজে পাওয়া যায়।
এদিকে নতুন করে রানী ময়নামতি প্রাসাদসহ এর পার্শ্ববর্তী এলাকায় খননের পর আরও অনেক পুরার্কীর্তির নিদর্শন পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে খনন কাজের তদারকী প্রতিষ্ঠান প্রত্নতাত্ত্বিক অধিদফতরের চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন জানান, উদ্বোধনী দিনে ২২ জন শ্রমিক দিয়ে খনন কাজ শুরু হয়েছে। শ্রমিকের সংখ্যা আরও বাড়তে-কমকে পারে। আগামী ২ মাস সেখানে খনন কাজ চলবে। এ খননের মধ্য দিয়ে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিস্কৃত হতে পারে।
খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসাদুজ্জামান, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল জাহিদ পাভেল, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান আহমেদ আবদুল্লাহ ও সহকারী কাস্টোডিয়ান মো. হাফিজুর রহমান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লাল হায়দার ছিলেন।
কামাল উদ্দিন/এফএ/আরআইপি