কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৪ মার্চ ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটে নির্মাণাধীন সড়কের কাজের ইট চুরির অভিযোগ পাওয়া গেছে স্থানীয় খামারি শাহ আলম ভূঁইয়ার বিরুদ্ধে। পরে তার গরুর খামার ও পুকুর থেকে ৫ হাজার ইট উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উপজেলার পেরিয়া ইউনিয়ন চেহরিয়া পশ্চিম পাড়া থেকে দৌলতপুর দারোগাবাড়ি পর্যন্ত নির্মাণাধীন সড়কে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, চেহরিয়া পশ্চিম পাড়া থেকে দৌলতপুর দারোগাবাড়ি পর্যন্ত ১৩৯০ মিটার সড়ক নির্মাণ কাজের জন্য ইট রাখা হয়। এরমধ্য থেকে প্রায় ৫ হাজার ইট চুরি হয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে দৌলতপুর ভূঁইয়া বাড়ির শাহ আলমের গরুর খামার ও ২টি পুকুর থেকে শুক্রবার সন্ধ্যায় চুরি হওয়া ইট উদ্ধার করা হয়।

রাস্তাটির তত্ত্বাবধায়ক আলাউদ্দিন বলেন, চেহরিয়া পশ্চিম পাড়া থেকে দৌলতপুর দারোগাবাড়ি পর্যন্ত রাস্তার কাজটি আমার তত্ত্বাবধানে চলছে। আমার এস্টিমেটে যে ইট ধরা ছিল তার থেকে ১০ হাজার ইট বেশি এনেছি। এখনো আমার কাজ শেষ হয়নি। তখন আমার সন্দেহ হলে গোপনে খোঁজখবর নিতে থাকি। পরে এলাকাবাসীর মাধ্যমে ভূঁইয়া বাড়ির শাহ আলমের গরুর খামার ও ২টি পুকুর থেকে প্রায় ৫ হাজার ইট উদ্ধার করি। আমি এলাকাবাসী ও প্রশাসনের নিকট এর বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শাহ আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী বলেন, বিষয়টি মাত্র জানলাম। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।