মান্নাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ


প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে সোমবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মাহমুদুর রহমান মান্নার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পূর্বনির্ধারিত চিকিৎসার তারিখ রয়েছে। সেজন্য তাকে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মান্নার পারিবারিক সূত্র জানায়, কারাগারে আটক মান্না হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, ঘাড় ও শরীরের ব্যথাসহ নানা রোগে আক্রান্ত।

এদিকে, গত ১০ নভেম্বর মাহমুদুর রহমান মান্নাকে জামিন দেন হাইকোর্ট। রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে করা দুটি মামলায় মাহমুদুর রহমান মান্নার জামিন চলতি বছরের ২৮ নভেম্বর বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

জানা যায়, নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোন আলাপের দুটি অডিও ক্লিপ গত বছর প্রকাশিত হয়। এরপর ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়।

পরে সেনা বিদ্রোহে উসকানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গুলশান থানায় একটি মামলা করা হয়। এরপরও রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই বছরের ৫ মার্চ মান্নার বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়। এই দুই মামলায় চলতি বছরের ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ করা হয়।

এরপর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাইকোর্টে মান্নার জামিনের আবেদন করেন তার আইনজীবী। তার জামিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় তিনি বর্তমানে কারামুক্তি অপেক্ষায়।

আমিনুল ইসলাম/এআরএ/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।