তিতাসে ইউএনও’র কার্যালয়ে তালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:২১ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬

কুমিল্লার তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় তালা ঝুলিয়ে তিন ঘণ্টা বন্ধ রাখে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতারা।

মেলার নামে জুয়া খেলা বন্ধের জের ধরে সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকারের নেতৃত্বে তালা লাগানোর ঘটনা ঘটে বলে জানান ইউএনও।

তবে ওই ইউএনও’র বিভিন্ন অনিয়মের কারণে তার কার্যালয়ে তালা লাগিয়ে প্রতিবাদ জানানো হয় বলে দাবি করেন স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতারা। সোমবার এই ঘটনা ঘটে। এসময় ইউএনও তার কার্যালয়ে ছিলেন না বলে জানা গেছে।

তিতাস উপজেলার ইউএনও মকিমা বেগম জানান, উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে মেলার নামে জুয়া খেলা চলছিল। গত শনিবার ম্যাজিস্ট্রেট ওই স্থানে জুয়া খেলা বন্ধ করে দেয়। এরই জের ধরে সোমবার আমার অনুপস্থিতিতে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি মো. পারভেজ হোসেন সরকারের নেতৃত্বে আমার কার্যালয়ে তালা লাগিয়ে দেয়া হয়।

এদিকে, তালা লাগানোর খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যায়। এছাড়া কুমিল্লা থেকে ম্যাজিস্ট্রেট আসার পূর্বে প্রায় ৩ ঘণ্টা পর বেলা দেড়টার দিকে তালা খুলে দেয়া হয়।

এ বিষয়ে রাতে মো. পারভেজ হোসেন সরকার জানান, ‘আমি তালা লাগাইনি, তবে কারা লাগিয়েছে তা আমার জানা নেই।

রাত সোয়া ৭টায় বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম জানান, দলীয় গ্রুপিং ও বিভিন্ন বিষয়ে স্বার্থগত দ্বন্ধের কারণে তালা লাগানো হলেও পরবর্তীতে আবার খুলে দেয়া হয়।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।