রিমান্ড শেষে কারাগারে মেয়র মান্নান


প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৭ ডিসেম্বর ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে চাঁদাবাজি ও মারধরের মামলায় একদিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, চাঁদা দাবি ও মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় অধ্যাপক এমএ মান্নানকে মঙ্গলবার একদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে বুধবার দুপুরে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হাই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে টঙ্গী শিলমুন এলাকার মো. রমিজ উদ্দিন গত ২৪ নভেম্বর জয়দেবপুর থানায় এম এ মান্নানসহ সাতজনের নামে এবং অজ্ঞাত আরো ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন। কারাবন্দি মান্নানকে রিমান্ড শুনানির জন্য রোববার আদালতে হাজির করা হলে ওই মামলায় তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গাজীপুরের মেয়র মান্নানের আইনজীবী ড. মো. শহীদুজ্জামান জানান, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র এম এ মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ২২ মামলায় জামিনের পর হাইকোর্ট থেকে জামিন লাভের পর তিনি চলতি বছরের ২ মার্চ কারামুক্ত হন। এপ্রিল মাসে তিনি মেয়র পদ ফিরে পান।

এ অবস্থায় চলতি বছরের ১৫ এপ্রিল এমএ মান্নানকে ফের নাশকতার মামলায় গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে ফের বরখাস্ত করা হয়। গত ১৫ এপ্রিল থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে। তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।