কুমিল্লায় সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু
কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসী হামলায় আহত জসিম উদ্দিন নামের ১ যুবককের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবক মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের আব্দুল আজিজ মোহনের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে জসিম উদ্দিন (৩৫) কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের বিল্লাল হোসেন, আনিছ, লোকমানসহ একদল সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে ভর্তি করে। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জালাল উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিল্লাল হোসেনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মো. কামাল উদ্দিন/এএম/জেআই