রোহিঙ্গাদের আরও ১৫ নৌকা ফেরত পাঠলো বিজিবি


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ১১ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

মিয়ানমারে  সেনাবাহিনীর ববর্রতা থেকে বাচঁতে নাফ নদী সীমান্ত পার হয়ে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই আরও ১৫টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি সদস্যরা। রোববার ভোরে ও দুপুরে সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে নির্যাতিত রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জাগো নিউজকে বলেন, নাফ নদী পার হয়ে সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত রোহিঙ্গা বহনকারী ১৩টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। দুপুর ১২টার দিকে নতুন করে আরও দুটি নৌকা সীমান্ত অতিক্রম করার চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা তাদের বাধা দেয় এবং মিয়ানমারে ফেরত পাঠায়।

তিনি আরও জানান, ওই নৌকাগুলোর প্রতিটিতে ১৫-২০ জন  রোহিঙ্গা ছিল। গত ১ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর (রোববার) দুপুর পর্যন্ত টেকনাফ সীমান্তের ১৫ টি পয়েন্ট দিয়ে ২৬৫ টি নৌকায় প্রায় দুই হাজার ৬৪০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে বলেও উল্লেখ করেন কর্নেল আবুজার আল জাহিদ।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।