মাকে আত্মহত্যার ভয় দেখাতে গিয়ে মারা গেলেন ছেলে


প্রকাশিত: ০৮:১২ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬

গাজীপুরে আত্মহত্যার ভয় দেখিয়ে গায়ে আগুন দেয়ার অভিনয় করতে গিয়ে সত্যিই আগুনে পুড়ে কামাল হোসেন (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি মহানগরীর কাউলতিয়া এলাকার মো. সানোয়ার হোসেন সানুর ছেলে।

গাজীপুরের মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (মিষ্ট) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে কামালকে বাবা একটি মোটরসাইকেল কিনে দেন। ছোট ভাই জামাল প্রায়ই কামালকে না জানিয়ে মোটরসাইকেলটি চালাতো। এটি কামালের পছন্দ ছিল না। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি হতো। শুক্রবার রাত ১১টায় মা ছোট ভাইকে মোটরসাইকেল চালাতে দিতে বলায় মা-ছেলের মধ্যে মনোমালিন্য হয়।

অভিমানে কামাল মোটরসাইকেল থেকে পেট্রল বের করে মাকে ভয় দেখাতে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার অভিনয় করেন। এক পর্যায়ে আগুন শরীরে লেগে যায়। পরিবারের লোকজন শরীরের আগুন নেভালেও ততক্ষণে কামাল গুরুতর দগ্ধ হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তার মৃত্যু হয়।

নিহতের বাবা সানোয়ার হোসেন জানান, দুই মাস আগে কামালের বিয়ে ঠিক হয়। কনেকে আংটিও পরানো হয়েছে। আগামী সপ্তাহে বউ তুলে আনার দিনক্ষণ ঠিক করার কথা ছিল। কিন্তু তা আর হলো না।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, কলেজছাত্র আগুনে পুড়ে নিহতের ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা ইউডি মামলা হয়নি।

আমিনুল ইসলাম/এআরএ/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।