কক্সবাজারে ৮১ প্রার্থীর প্রতীক বরাদ্দ
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৮১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আলী হোসেন এবং জেলা নির্বাচন কর্মকর্মা মো. মোজাম্মেল হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
এতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত সদ্য বিদায়ী জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী পেয়েছেন আনারস আর জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় নেতা এম এম সালাহউদ্দি মাহমুদ পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রমতে, কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ১৫ ওয়ার্ডের মাঝে ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হওয়ায় এসব ওয়ার্ডে সদস্য প্রতীক বরাদ্দ দেয়া হয়নি।
তেমনিভাবে সংরক্ষিত নারী আসন ৫ নাম্বারেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হওয়ায় সেখানেও প্রতীক বরাদ্দ দেয়ার প্রয়োজন পড়েনি। বাকি সাধারণ ১৩ ওয়ার্ডে ৬৩ প্রার্থী ও সংরক্ষিত ৪ ওয়ার্ডে ১৬ প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
উল্লেখ্য, মনোনয়ন জমা দেয়া প্রার্থীদের মাঝে যাচাই-বাচাই শেষে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৭১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০ জন প্রার্থী মনোনয়নে বৈধতা পান। কিন্তু ১১ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সাধারণ সদস্য পদে ৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন।
তাই শেষ যুদ্ধে মাঠে রয়েছেন চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৬৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন প্রার্থী।
তথ্যের সত্যতা নিশ্চিত করে তফসিল অনুসারে আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন।
সায়ীদ আলমগীর/এএম