মহেশখালীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার সকালে মাতারবাড়ির পুরানবাজার মজিদিয়া মাদরাসা সংলগ্ন কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়।

নিহত নজির আহমদ মাঝি (৬৫) মাতারবাড়ি ইউনিয়নের ৪ নম্বার ওয়ার্ডের সাতঘরিয়াপাড়ার গুনুমিয়ার ছেলে। তিনি পেশায় বোট চালক ও চট্টগ্রামের কয়েকজন ব্যবসায়ীর ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।

মাতারবাড়ির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম এম.কম জানান, নজির মাঝি মাতারবাড়ি-চট্টগ্রাম নৌ-রুটে চলাচল করা তার মালিকানাধীন বোটে দীর্ঘদিন ধরে চালক হিসেবে কাজ করছেন। চট্টগ্রামের অনেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাতারবাড়ির দোকানি ও ব্যবসায়ীরা মালামাল বাকিতে আনেন। চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠানের হয়ে প্রতি সপ্তাহের বকেয়া টাকা তুলতেন নজির।

মঙ্গলবারও তিনি কয়েক লাখ টাকা তুলেছেন বলে জেনেছি। কিন্তু বুধবার সকালে কবরস্থান এলাকায় তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পরিচিত দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে নিজেদের আড়াল করতে নজিরকে হত্যা করেছে।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। বৃদ্ধের মাথা, ঘাড় ও কয়েক জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।