‘দয়া করে আমাকে বিদ্রোহী প্রার্থী বলবেন না’
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন স্বপন।
বুধবার দুপুরে নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড়ের প্রার্থীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, মাঠ পর্যায়ে ভোটারদের মাঝেও নানা শঙ্কা বিরাজ করছে। সুষ্ঠু ভোটের মাধ্যমে যে ফলাফল আসবে আমি তা মেনে নেব। এ জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করেন এ প্রার্থীর অনুসারীসহ উপস্থিত দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে দল (আওয়ামী লীগ) কাউকে মনোনয়ন দেয়নি। দল থেকে যাকে (আবু তাহের) সমর্থন দেয়ার কথা বলা হচ্ছে তাকে জনপ্রতিনিধি (ভোটার) বা দলের অনেকে চেনেন না। আমি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে ৩ যুগ ধরে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছি।
কিন্তু ওই প্রার্থী বলেছেন, তিনি নাকি আমাকে চেনেন না। আসলে আমিও কখনো দলের কর্মকাণ্ডে তাকে দেখিনি বা চিনতাম না। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, এ নির্বাচন সম্পূর্ণ নির্দলীয় ও নিরপেক্ষ। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের জন্য দলের নির্দেশনা রয়েছে।
বেশিরভাগ ভোটার ও দলের তৃণমূলের নেতা-কর্মীদের দাবি ও সমর্থনের কারণে আমি প্রার্থী হয়েছি। আমিতো আওয়ামী লীগেরই প্রার্থী। দয়া করে আমাকে বিদ্রোহী প্রার্থী বলবেন না।
উল্লেখ্য, কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নৌ-বাহিনীর সাবেক প্রধান আবু তাহের (চশমা) এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন স্বপন (আনারস)। এ জেলায় মোট ভোটার রয়েছে ২ হাজার ৫৫১ জন।
মো. কামাল উদ্দিন/এএম/এমএস