সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪


প্রকাশিত: ১১:২০ এএম, ১৬ ডিসেম্বর ২০১৬

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজনসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার জুমার নামাজের পর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ছগিরশাহকাটা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ কালু (৪৫), তার মেয়ে রিনা আক্তার (১৭), একই এলাকার জবুর আহমদের স্ত্রী কালা খাতুন (৫০), চকরিয়া পৌরসভার পূর্ব নিজপানখালী এলাকার ইলিয়াছ খানের ছেলে আলী রিয়াজ মো. রায়হান (২৩)।

চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, চকরিয়াগামী একটি যাত্রীবাহী হিউম্যান হলার ম্যাজিক পরিবহন খ্রিষ্টান হাসপাতাল পার হয়ে ছগিরশাহকাটা দরগাহ মোড়ে পৌঁছামাত্র বিপরীত দিক দিয়ে আসা সৌদিয়া পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ম্যাজিক পরিবহনের দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান।

ম্যাজিকের সব যাত্রী কম বেশি আহত হন। তাদের উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নেয়া হলে সেখানে আরো দুইজনের মৃত্যু হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পুলিশ জব্দ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার মেডিকেল কলেজ হাপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।