পুলিশি বাধায় ইসলামী আন্দোলনের লংমার্চ পণ্ড


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬

কুমিল্লায় পুলিশি বাধায় মিয়ানমার সীমান্ত অভিমুখে ইসলামী আন্দোলনের লংমার্চ পণ্ড হয়ে গেছে। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে ইসলামী আন্দোলন জেলার চান্দিনা শাখার নেতাকর্মীরা মিয়ানমার অভিমুখে লংমার্চ পালনের উদ্দেশে যাত্রা করে।

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে লংমার্চে বাধা দেয় পুলিশ। পুলিশি বাধার মুখে লংমার্চ কর্মসূচি পণ্ড হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার অভিমুখে লংমার্চ নিয়ে ইসলামী আন্দোলনের কুমিল্লার চান্দিনা শাখার নেতাকর্মীরা উপজেলার পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে এসে অবস্থান নেয়।

এ সময় চান্দিনা থানা পুলিমের উপ-পরিদর্শক (এসআই) রাহাত সিদ্দীকীর নেতৃত্বে একদল পুলিশ কর্মসূচিতে বাধা দেয়। পরে নেতাকর্মীরা মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সংক্ষিপ্ত আকারে শেষ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমী, চান্দিনা পূর্ব বাজার জামে মসজিদের খতিব মাওলানা খায়রুল ইসলাম ফরাজী, বাংলাদেশ মুজাহিদ কমিটি চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক হোসেন খোকা প্রমুখ।

মো.কামাল উদ্দিন/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।