কুমিল্লায় সাইবার অপরাধের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬

কুমিল্লার মুরাদনগরে সরকারের উন্নয়ন বিরোধী সাইবার ক্রাইমের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মুরাদনগর উপজেলা কৃষকলীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

একই সময়ে দলীয় এক কর্মীর উপর হামলার প্রতিবাদে আওয়ামী লীগের অপর একটি গ্রুপ প্রতিবাদ সমাবেশের আয়োজন করলে উপজেলা সদরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, মুরাদনগরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নানা অপপ্রচার চালিয়ে আসছে একটি চক্র। এতে মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের দোয়েল চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান বাকির, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমীন, জুয়েল ও বাবু প্রমুখ।

এর আগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের অপর একটি গ্রুপ রিপন মিয়া নামে এক কর্মীর উপর হামলার প্রতিবাদে সমাবেশ করে।

এ নিয়ে মুরাদনগর উপজেলা সদরে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পৃথক কর্মসূচি নিয়ে মুরাদনগর উপজেলা সদরে স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপ অবস্থান নেয়ায় উত্তেজনা দেখা দেয়।  

মো. কামাল উদ্দিন/এএম/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।