বসতি উচ্ছেদ না করেই রামুতে নির্মিত হবে ক্যাডেট কলেজ
মন্ত্রীপরিষদ সচিব মো. শফিউল আলম বলেছেন, কক্সবাজারের মাটি থেকে আগামীর নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট স্থাপনের উদ্যোগ চলছে।
তিনি বলেন, ক্যাডেট কলেজ হলে স্থানীয়দের উচ্ছেদ করা হবে বলে আতঙ্ক ছড়ানো হচ্ছে তা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। কোনো বসতি উচ্ছেদ না করেই ক্যাডেট কলেজ নির্মিত হবে।
কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ে প্রস্তাবিত শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের জমি পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রীপরিষদ সচিব।
শনিবার দুপুরে খুনিয়াপালং সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জাহান আলী, হলুদিয়াপালং ইউপি চেয়ারম্যান ও সচিবের ছোট ভাই অধ্যক্ষ শাহ আলম প্রমুখ।
এর আগে মন্ত্রীপরিষদ সচিব উখিয়া-টেকনাফের প্রবেশমুখে শহীদ এটিএম জাফর আলমের নামে নির্মিতব্য গেইটের প্রস্তাবিত জমি পরিদর্শন করেন।
বিকেলে মেরিন ড্রাইভ সড়কের কলাতলীর বিচ্ছিন্ন অংশ পরিদর্শন শেষে হিলটপ সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন কর্মকাণ্ডের পর্যালোচনা সভায় মিলিত হন।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম