না.গঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অবস্থান ধর্মঘট


প্রকাশিত: ১২:৫১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতসহ সাত দফা দাবি আদায়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার নেতারা।

শনিবার দুপুরে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই অবস্থান ধর্মঘট পালিত হয়। এ সময় অবস্থান ধর্মঘট থেকে মিয়ানমারে মুসলিম রোহিঙ্গা নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন নেতারা।

বক্তারা বলেন, কোনো সম্প্রদায়কে বাদ দিয়ে দেশ সুখের হতে পারে না। সংখ্যালঘু সম্প্রদায়কে যাতে জাদুঘরে খুঁজতে না হয় সেজন্য এখনই কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান নেতারা।

তাদের দাবিগুলো হলো- গঠিত নির্বাচন কমিশনে একজন যোগ্য সংখ্যালঘু প্রতিনিধি মনোনয়ন, সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন, শাহাবুদ্দিন কমিশন রিপোর্টের সুপারিশাবলির বাস্তবায়ন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোপীনাথ দাসের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রদীপ দাস, জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি পিন্টু পিউরিফিকেশন, নারায়ণগঞ্জ মহানগর বৌদ্ধ সংগঠনের সভাপতি তাপস বড়ুয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি বাদল রায়, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্য্য প্রমুখ।

শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।