জাল নোটসহ নারী প্রতারক আটক


প্রকাশিত: ০১:২০ পিএম, ০৮ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

কুমিল্লায় ৪০ হাজার টাকার জাল নোটসহ আমেনা বেগম নামে এক নারী প্রতারককে আটক করা হয়েছে। রোববার চৌদ্দগ্রাম উপজেলার পূবালী ব্যাংকের মিয়াবাজার শাখায় এ ঘটনা ঘটে।

আটক আমেনা বেগম চৌদ্দগ্রাম উপজেলার কাছিয়া পুষ্করনী গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।

জানা গেছে, আমেনা বেগম ১ লাখ ৬২ হাজার টাকা অনলাইনে পূবালী ব্যাংকের চাঁদপুর নতুন বাজার শাখায় নাজমুল হক ট্রেডার্সের নামে ৩৮২৯০১২৭১৬৯ হিসাব নম্বরে প্রেরণের জন্য মিয়াবাজার শাখা পূবালী ব্যাংকের ক্যাশ কাউন্টারে রশিদ মূলে জমা দেন।

টাকা বুঝে নেয়ার সময় ওই কাউন্টারের কর্তব্যরত ক্যাশিয়ার ৪০টি এক হাজার টাকার নোট জাল বলে শনাক্ত করেন এবং ওই নারীকে ব্যাংকের ম্যানেজারের কক্ষে নিয়ে বিষয়টি অবহিত করেন। পরে ম্যানেজার ৪০ হাজার টাকার জাল নোট রেখে দিয়ে ওই হিসাব নম্বরে স্ক্রল নং-২০৯০৫৫/১-৩ মূলে মহিলার এক লাখ ২২ হাজার টাকা জমা করেন।

বিষয়টির সত্যতা স্বীকার করে ব্যাংক ম্যানেজার রিপন কান্তি ভদ্র বলেন, বিকেল ৫টার দিকে জাল নোটসহ ওই মহিলাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।  

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।