গাজীপুরের ট্রেন দুর্ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রোববার সকালে প্রাইভেটকার ও মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে কারের পাঁচযাত্রী নিহতের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিকে ১৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পাকশি বিভাগীয় ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, রোববার সকালে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার রেলক্রসিং এলাকায় প্রাইভেটকারের সঙ্গে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কারের চালকসহ পাঁচজন নিহত হন। ঘটনা তদন্তে পাকশি বিভাগীয় প্রকৌশলী-২ মো. আসাদুল হককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) মো. কামরুজ্জামান, পাকশি বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও মেডিকেল অফিসার পরিতোষ চক্রবর্তী। আগামী ১৩ জানুয়ারির মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রেলওয়ের ওই কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর বিকেলে তিনিসহ রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। গোয়াল বাথানের ওই রেলক্রসিংটি অনুমোদিত থাকলেও তা ছিল আনম্যান্ড ও বেরিয়ারবিহীন। তবে সেখানে সতর্কীকরণের একটি সাইনবোর্ড লাগানো ছিল। জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু সেতু (ইস্ট) পর্যন্ত ১০২টি অনুমোদিত ক্রসিং রয়েছে। এর মধ্যে ১৭টি ক্রসিং হলো ম্যানযুক্ত, ৯০টি ক্রসিং হলো আনম্যান্ড। আর আনঅথরাইজড ক্রসিং রয়েছে ২০টি। লোকজন রেলপথের আশেপাশে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা তৈরির পরই তারা ওইসব আনঅথরাইজড ক্রসিং তৈরি করে ফেলছে।
আমিনুল ইসলাম/আরএআর/এমএস