নারায়ণগঞ্জে যুবদলের আনন্দ মিছিলে পুলিশের বাধা


প্রকাশিত: ০৮:১০ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আনন্দ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের দাঁড়াতে দেয়নি পুলিশ।

পরে শহরের ডিআইটি করিম মার্কেটের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের মণ্ডলপাড়া দিয়ে জেলা বিএনপি কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমানের জন্মদিন আজ। তিনিই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তার জন্মদিনটি আমাদের জন্য আনন্দের। রক্তের শেষ বিন্দু থাকতে জিয়াউর রহমানের ফিরিয়ে আনা গণতন্ত্রকে লুণ্ঠিত হতে দেব না। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতেও আমরা প্রস্তুত রয়েছি।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম আহ্বায়ক রানা মুজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিলে বাধা দেয়ার ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালনে জনদুর্ভোগ সৃষ্টি করে তাদেরকে মিছিল করতে নিষেধ করা হয়েছে। তাদের রাস্তায় না নেমে দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করতে বলা হয়।

শাহাদত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।