বিশিষ্ট সাংবাদিক এ এস এম হাবিবুল্লাহ মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:১৪ এএম, ১২ এপ্রিল ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের জীবন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট প্রবীণ সাংবাদিক এ এস এম হাবিবুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১১ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায় তিনি ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকায় আব্দুল্লাহ ভিলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।

তিনি ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকার বাসিন্দা এবং প্রয়াত খান সাহেব এম. আব্দুল্লাহর জ্যেষ্ঠ ছেলে। তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

এ এস এম হাবিবুউল্লাহ ১৯৩৫ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান বার্তা সম্পাদক (সিএনই) এবং ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায় তার নিষ্ঠা, পেশাদারিত্ব ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাকে আলাদা মর্যাদায় আসীন করেছিল। ময়মনসিংহের স্থানীয় সাংবাদিক মহলে তিনি একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে ময়মনসিংহের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার বাদ এশা ময়মনসিংহ নগরীর সানকিপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন মসজিদে নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া এ এস এম হাবিবুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কামরুজ্জামান মিন্টু/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।