জাল ভোট ঠেকাতে আসছে ‘ডিজিটাল ভোটিং মেশিন’


প্রকাশিত: ০২:৩১ পিএম, ২০ জানুয়ারি ২০১৭

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, পূর্বে ইভিএম মেশিনে ভোট নেয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু মেশিনে কিছু দুর্বলতা ও সমস্যা ছিল। বর্তমানে আমরা চিন্তা করেছি ভোট গ্রহণে উন্নত মেশিন তৈরি করার, এটার নাম হবে ‘ডিজিটাল ভোটিং মেশিন। সে মেশিন এখন উদ্ভাবনের পথে। স্বচ্ছ নির্বাচন ও জাল ভোট ঠেকাতে আগামীতে আসছে এ ডিজিটাল ভোটিং মেশিন।

তিনি বলেন, আমরা প্রযুক্তিগত উন্নতিতে বিশ্বাস করি। প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারলে এগিয়ে যাওয়া যাবে না। বর্তমানে আমরা চিন্তা করেছি ভোট গ্রহণে উন্নত মেশিন তৈরি করার, এটার নাম হবে ‘ডিজিটাল ভোটিং মেশিন’। সে মেশিন এখন উদ্ভাবনের পথে।

কুমিল্লায় আঞ্চলিক সার্ভার স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে শুক্রবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৫ বছরে আমাদের কোনো ব্যর্থতা নেই। প্রতিটি নির্বাচনই আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।

স্মার্টকার্ড প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট ও চোখের কণিকার ছবি সংরক্ষণ করছি এবং এগুলো অতিমাত্রায় উন্নতমানের ডাটাব্যাজে সংরক্ষণ করা হচ্ছে। এতে দুইবার কারো ভোটার হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কাউকে শনাক্ত করতে অসুবিধাও হবে না। বর্তমানে এ ডাটাব্যাজের মাধ্যমে অনেক দুষ্কৃতকারিও ধরা পড়ছে।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে কমিশনার বলেন, আমরা নারায়ণগঞ্জ এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন একসঙ্গে করতে চেয়েছিলাম। কিন্তু মামলা জটিলতার কারণে কুমিল্লা সিটি নির্বাচন করা সম্ভব হয়নি। পরবর্তী কমিশন  নির্বাচনের উদ্যোগ নেবে। এর আগে তিনি ৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশন ভবনের উদ্বোধন করেন।

কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। এসময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আবদুল মোমেন প্রমুখ।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।