স্কুলে ভর্তিতে লটারি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৫ পিএম, ১৬ মার্চ ২০২৬
স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা/ ছবি: ইউনেস্কোর সৌজন্যে

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া বাতিল করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া বাতিলপূর্বক অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়েছে, এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৫ সালের ১৩ নভেম্বর ও ১৯ নভেম্বর তারিখের স্মারকে জারিকৃত সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা দুটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

তবে কী প্রক্রিয়ায় আগামীতে স্কুলে শিক্ষার্থী ভর্তি করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে আদেশে জানানো হয়।

গত কয়েক বছর ধরে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল লটারি করা হচ্ছে। প্রথমে শুধু প্রথম শ্রেণির শিক্ষার্থীদের লটারিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল।

মহামারি করোনাভাইরাসের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি শুরু হয়। চলতি বছরও প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছিল।

এএএইচ/কেএইচকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।