৩ মামলায় নূর হোসেন ও সহযোগীদের হাজিরা : ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি নূর হোসেন ও তার সহযোগী আলী মোহাম্মদকে তিনটি মামলায় আদালতে হাজির করা হয়েছে। এছাড়া আগামী ৪ এপ্রিল অপর পাঁচ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) কামরুন্নাহারের আদালতে নূর হোসেনসহ অন্য আসামিদের হাজির করা হয়।
এদিকে মাদক মামলায় প্রতিবেদন না দেয়ায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশেল ওসির কাছ থেকে কারণ জানতে শোকজ করা হয়েছে।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ জানান, নূর হোসেনের বিরুদ্ধে সাত খুন ছাড়াও বিভিন্ন অভিযোগে আরো আটটি মামলা রয়েছে। রোববার চাঁদাবাজির দুটি ও মাদকের একটি মামলায় হাজির করা হয়। নূর হোসেনের সঙ্গে সহযোগী আলী মোহাম্মদ ছিল। 
তিনি আরো জানান, রোববার মাদক মামলায় একজন ও চাঁদাবাজির দুটি মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আগামী ৪ এপ্রিল অপর পাঁচ মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে। চাঁদাবাজির মামলায় সাক্ষ্যগ্রহণের সময় জসিম নামের একজন মিথ্যা সাক্ষ্য দেয়ায় বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
শাহাদাত হোসেন/এআরএ/জেআইএম