রূপগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ব্যবসার টাকা ভাগভাটোয়ারা নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে দু’গ্রুপের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ফাঁকা গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কাছে উপজেলার বলাইখাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যাক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলাইখা এলাকার কামাল হোসেনের সঙ্গে একই এলাকার শাহাদুল্লা জমির ব্যবসা করতেন। কয়েক মাস আগে তারা আলাদাভাবে জমির ব্যবসা শুরু করেন।
আগের জমির ব্যবসার টাকার ভাগভাটোয়ারা নিয়ে তাদের দু’জনের মাঝে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বকে কেন্দ্র করে গত শনিবার রাতে কামাল হোসেনের সালা ফয়সালের সঙ্গে শাহদুল্লার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাহাদুল্লাকে মারধর করে ফয়সাল।
এ ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে শাহাদুল্লা ও তার লোকজন বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে কামাল হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় কামাল হোসেনের লোকজনও পাল্টা হামলা চালায়।
এ সময় ৬ থেকে ৭টি ককটেল বিস্ফোরণ ও ৩ থেকে ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন।
আহতদের মধ্যে কামাল হোসেন (৩৫), আব্দুল্লাহ মিয়া (২৫), মঞ্জুর হোসেন (২৬), জামিলা বেগম (৫৫), রাসেল মিয়া (২৩), ফয়সাল মিয়া (২০), জজ মিয়া (৫৬), স্মৃতি বেগম (২৫), শাহাদুল্লাহ (৩৩), আবুল হোসেন (৬০), পথচারী ইব্রাহীম মিয়া (৪৮), আমান উল্লাহ (৪৫)।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয়পক্ষের অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মীর আব্দুল আলীম/এএম/পিআর