বেনাপোলে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২২ জানুয়ারি ২০১৭

বেনাপোলের রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ৮টার সময় বেনাপোলের হাজী মুহাম্মদ উল্লাহ সুপার মার্কেটের রজনীগন্ধা আবাসিক হোটেলের তৃতীয় তলার ২২ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

হোটেলের ম্যানেজার হোসেন জানায়, সাইফুল গত ১৯ জানুয়ারি রাতে হোটেলের সিঙ্গেল রুমের একটি সিট ভাড়া নেয়। গত দুই দিন ধরে সে হোটেলের ভিতরেই থাকতেন। শুধুমাত্র খাবারের প্রয়োজন হলে সে হোটেলের বাইরে বের হতেন। রোববার রাতের খাবারের জন্য তাকে ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরে জানালার গ্লাস ভেঙে দেখা যায় ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ ঝুলছে। এ সময় বেনাপোল পোর্ট থানা পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে হোটেলের দরজা ভেঙে সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) শামিম আহম্মেদ জানান, মৃতদেহটি থানায় আনা হয়েছে। এ সময়ে তার রুম থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে হত্যা।

মো. জামাল হোসেন/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।