কাশিয়ানীতে গৃহবধূকে গলা কেটে হত্যা


প্রকাশিত: ০৭:০৯ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে রত্না বেগম (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী ও সৎ ছেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরাশুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 
নিহত রত্না বেগম বুধপাশা গ্রামের মাফিকুর রহমান শেখের স্ত্রী। তার ১১ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, হত্যাকাণ্ডের সময় বাড়িতে ওই শিশু সন্তান ছাড়া আর কেউ ছিল না। রাতে স্বামী বাড়িতে ফিরে এসে এ ঘটনা দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের মা হাসিনা বেগম অভিযোগ করে বলেন, রত্নাকে তার সতীন ও সৎ ছেলে পরিকল্পিতভাবে মেরে ফেলেছে। তার জামাতার একাধিক বিয়ে রয়েছে বলেও তিনি জানান।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী মাফিক শেখ (৩৮) ও সৎ ছেলে শাকিব শেখকে (১৬) আটক করা হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এস এম হুমায়ূন কবীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।