বিজিবি-বিজিপি পতাকা বৈঠক, বাংলাদেশিকে ফেরত


প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

মিয়ানমারে আটক বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) স্টাফ অফিসার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মিয়ানমারের মংডু টাউনশিপে অনুষ্ঠিত বৈঠক শেষে সাজা শেষ হওয়া বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন বিভাগ। বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেরত আসা জেলের নাম মুহাম্মদ তারিক (তারা) । তিনি মহেশখালী উপজেলার বড় মহেশখালী দইলারপাড়া এলাকার মুহাম্মদ শরিফের ছেলে। বিগত ৫ বছর আগে সাগরে মাছ শিকারে গিয়ে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হন।

টেকনাফ বিজিবি সূত্র জানিয়েছে, পতাকা বৈঠকের উদ্দেশ্যে টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষে বাংলাদেশ থেকে ৯ সদস্যের প্রতিনিধি দল বুধবার সকাল ৯টায় টেকনাফ থেকে রওয়ানা দেয়।

দলের নেতৃত্ব দেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী। প্রতিনিধি দলে কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম ও থানা পুলিশের সদস্য শফিউল আজমসহ বিজিবির সদস্যরা অংশ নেন।

মিয়ানমারের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউ অং ক্যা চিং। প্রতিনিধিদল দুপুরে টেকনাফ সদর বিওপির জেটি ঘাট দিয়ে দেশে ফিরেন।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।