শিক্ষকদের লাগাতার আন্দোলনে অচল কুবি
শিক্ষকদের ৬ দফা দাবিতে অচল হয়ে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ৫ম দিনের মতো বৃহস্পতিবারও শিক্ষকদের লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত ছিল।
গত রোববার থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করে আসছে। এদিকে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষকদের ক্লাসে ফেরার দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দেয়া আলটিমেটামের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ভিসির কার্যালয়ে এ নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
জানা যায়, কুবির শিক্ষক তারিক হোসেন এবং আশিখা আক্তারের বাসায় সন্ত্রাসী হামলার বিচার, নতুন প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে সকল ধরনের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেয়া, উপাচার্যের উপস্থিতিতে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের ওপর হামলাকারী অধ্যাপক ড. সৈয়দুর রহমানকে আইকিউএসি থেকে অপসারণ ও উক্ত ঘটনার বিচার এবং গত বছরের ১ আগস্ট ঘটে যাওয়া খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাসহ ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে গত রোববার থেকে আন্দোলন করে আসছে কুবির শিক্ষকরা।
এতে ৫ম দিনেও কুবির ১৯ বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। এ বিষয়ে মুঠো ফোনে কুবির ভিসি অধ্যাপক ড.আলী আশ্রাফ বলেন, শিক্ষকদের আন্দোলনের ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিগগিরই বিষয়টি সমাধান করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভা শেষে শিক্ষক নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করে সন্তোষজনক পদক্ষেপের আশ্বাস না পেয়ে এ আন্দোলনের ডাক দেন। ওই দিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ দফা দাবিতে গত রোববার থেকে লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের বিষয়টি জানানো হয়েছিল।
মো. কামাল উদ্দিন/এএম/পিআর