সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এরমধ্যে চাপাইনবাবগঞ্জে দু’জন, কক্সবাজারে দু’জন, রাজশাহীতে একজন, পাবনায় দু’জন, জামালপুরে একজন, রংপুরে চারজন, বরিশালে একজন নিহত হয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুক্রবার আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার সহড়াতলা এলাকায় ট্রাকের ধাক্কায় রেজাউল করিম (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত রেজাউল করিম ওই এলাকার হাসেম মন্ডলের ছেলে । তিনি মটর সাইকেলযোগে বাড়ি ফিরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড়ে ট্রাকের ধাক্কায় আহাদ আলী (৩৫) নামে একজন নিহত হন। তিনি একই উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের লুডু বিশ্বাসের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানীর এরিয়া ম্যানেজার ছিলেন। মটর সাইকেলযোগে কানসাট যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয় আহাদ আলীকে। এতে গুরুত্বর আহত অবস্থায় তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর মারা যান তিনি।
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় কবলিত হয়ে ২জন নিহত হয়েছে। মাইক্রোবাসটি রাস্তা পারাপাররত এক ব্যক্তিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় কিছুদূর গিয়ে উল্টে গেলে এদুর্ঘটনা ঘটে। শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়ার উত্তর হারবাং কাঠালি পাড়ার মৃত রহিম দাদ’র ছেলে মোনাফ মিয়া (৫০) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার বৌদ্ধ শ্রামণ ইন্দ্রজিত (২২)। বৌদ্ধ শ্রামণের পারিবারিক নাম জীবন বড়ুয়া।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, চট্টগ্রামগামী মাইক্রোবাসটি (চট্ট মেট্টো-ছ-১১-৫৮৪০) রাস্তা পারাপারের সময় চাপা দিলে ঘটনাস্থলে মোনাফ মিয়া নামের এক ব্যক্তি মারা যান। এসময় গাড়ীটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় কিছুদূর গিয়ে উল্টে গেলে মাইক্রোবাস যাত্রী ইন্দ্রজিত শ্রামণও মারা যান। পুলিশ মরদেহ ২টি উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে আসে এবং মাইক্রোবাসটি জব্দ করে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চারজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- শিরিন আক্তার (২৫), মোফাজ্জল হোসেন (২২), আজগর আলী (৬০) ও আফসা বেগম (৩০)।
আহত শিরিন আক্তার জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে তাদেরকে বহনকারী সিএনজি অটোরিকশাটি আশুগঞ্জ উপজেলার লালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বড়হরণ রেলক্রসিং এলাকায় সিএনজি অটোরিকশাটিকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে সিএনজি অটেরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় সিএনজি অটোরিকশায় থাকা চারজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেন আশঙ্কাজনক অবস্থায় আজগর আলী ও আফসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ রওনা হয়েছে।
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আশরাফুল ইসলাম (৪৫) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহানগরের মতিহার থানার কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, আশরাফুলের বাড়ি মতিহারের কাপাশিয়া এলাকায়। পেশায় তিনি একজন দিনমজুর। সকালে শ্যামপুর এলাকায় কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু পার্শ রাস্তা থেকে সাইকেল নিয়ে মহাসড়কে ওঠার পর পরই ঢাকাগামী কেয়া পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে আশরাফুল রাস্তার উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় আশরাফুলের।
পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যাত্রীর (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নীচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুরের দিকে মহানন্দা এক্সপ্রেস নামের একটি ট্রেন ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করার সময়ে এক ব্যক্তি হঠাৎ ট্রেন থেকে ব্রিজের নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
ওসি আরো জানান, আসলে সে ট্রেন থেকে পড়ে গেছে, নাকি আত্মহত্যা করেছে বিষয়টি এখনও স্পষ্ট হওয়া যায়নি। খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পাবনা সদর উপজেলার গাছপাড়ায় সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ঘরনাগরা গ্রামের শুকুর আলীর ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোটরসাইকেলযোগে বাড়ি থেকে শহরে যাবার পথে গাছপাড়া নামক স্থানে শ্যালোইঞ্জিন চালিত করিমনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন আরিফ। তাকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, দুর্ঘটনায় একজন নিহতের খবর আমাদের জানা নেই।
জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রনরামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় রফিকুল নান্দিনা বাজার থেকে সিএনজিচালিত টেম্পোতে জামালপুর যাচ্ছিল। হামিদপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে টেম্পোটি রাস্তার পাশে উল্টে যায়। এতে টেম্পোযাত্রী রফিকুলসহ অজ্ঞাতপরিচয় তিন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সামান্য আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত রফিকুল দুপুরে মারা যান।
জামালপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রংপুর প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছে। শুক্রবার উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ জুম্মারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লালমনিরহাট জেলার বড়খাড়া গ্রামের নাজিমুদ্দিন মিয়ার পুত্র হামিদুল ইমলাম (৪৫)। এর আগে ঘটনাস্থলেই নিহত হন বাসের হেলপার লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর এলাকার অহেদুল ইসলামের পুত্র আজিজুল ইসলাম (৩০) এবং কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর মারা যান ঘোড়ার গাড়ির আরোহি রংপুর নগরীর বাহারকাছনা এলাকার মফিজুল ইসলামের পুত্র রমজান আলী (১৫) ও কোতয়ালী থানাধীন মনোহরপুর গ্রামের বাচ্চা মিয়ার পুত্র রাজু মিয়া (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি বাস কাউনিয়া উপজেলার জুম্মারপাড় নামক স্থানে পৌঁছলে পিছন দিক থেকে একটি ঘোড়ার গাড়িকে ওভারটেক করতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে একটি খাদে পড়ে উল্টে যায় এবং ঘটনাস্থলে আজিজুল মারা যান। এসময় ঘোড়াটি ভয়ে লাফালাফি শুরু করলে ঘোড়ার গাড়ি থেকে পড়ে গিয়ে গুরত্বর আহত অবস্থায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দুই আরোহী মারা যান।
খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী বাসের নিচে আটকা পড়া যাত্রীদের মধ্যে থেকে ২৭ জন যাত্রীকে উদ্ধার করে ওই রাতেই রংপুর মেডিকেলে ১৫ ও কাউনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১২ জনকে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে আরও ৮ জনকে রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়। আহতদের মধ্যে আরও ৫ জনের অবস্থা আশংকাজনক। কাউনিয়া থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরীতে ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশার ধাক্কায় ৪০ বছর বয়সি অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নগরীর হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা ওই নারী হাসপাতাল রোডের অমৃত ফুড প্রোডাক্ট এর কারখানার সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন।
মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ডা. শাহীন রেজা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এসএইচএ/পিআর