সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু, ভালো দামের আশা
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মৌসুমের আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম। জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী মঙ্গলবার (৫ মে) থেকে জেলার বিভিন্ন এলাকায় গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়। ফলে ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা।
সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আমচাষি আবু সাইদের বাগানে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিষ্ণুপদ পাল।
উদ্বোধনের পরপরই বাগানজুড়ে শুরু হয় আম সংগ্রহে ব্যস্ততা। শ্রমিকদের দড়ি, ঝুড়ি ও বাঁশের মই নিয়ে আম সংগ্রহের দৃশ্যে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
আমচাষি আবু সাইদ বলেন, সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করি। এবার গাছে ফলন ভালো হয়েছে। সরকার নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ শুরু হওয়ায় ভালো দাম পাওয়ার আশা করছি। আবহাওয়া অনুকূলে থাকলে মৌসুম লাভজনক হবে।
কৃষি বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ শুরু হওয়ায় স্বাভাবিক পরিপক্বতা বজায় থাকবে। এতে সাতক্ষীরার আমের গুণগত মান ও বাজার সুনাম অক্ষুণ্ন থাকবে। একই সঙ্গে অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম বাজারজাত ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠপর্যায়ে নজরদারি জোরদার করেছে।
জানা গেছে, মৌসুম শুরুর আগেই জেলার বিভিন্ন এলাকার পাইকাররা বাগান মালিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। ভালো ফলন ও ন্যায্যমূল্যের আশায় রয়েছেন চাষিরা।
আমচাষি শফিকুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে। ঝড়-বৃষ্টি না হলে কৃষকরা ভালো লাভ পাবেন বলে আশা করছি।
প্রথম ধাপে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাজারে আসছে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাইসহ স্থানীয় বিভিন্ন জাতের আম। এছাড়া আগামী ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে ল্যাংড়া ও আম্রপালি আম সংগ্রহের সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই এসব আম পরিপক্ব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ১২০ হেক্টর জমির আম বাগান থেকে প্রায় ৭০ হাজার ৯০০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিরা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার আমচাষিরা।
আহসানুর রহমান রাজীব/এনএইচআর/এমএস