চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ১৩


প্রকাশিত: ০৩:০১ এএম, ৩০ মার্চ ২০১৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ১৩জন মেয়র প্রার্থী  মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ. জ. ম. নাছির উদ্দিন, ২০ দলীয় জোট সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ও জাতীয় পার্টি সমর্থিত সোলায়মান আলম শেঠ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সকাল নয়টা পাঁচ মিনিটে মনজুর আলম, বেলা পৌনে ১২টায় নাছির উদ্দিন এবং দুপুর ১২টার সময় সোলায়মান আলম শেঠ মনোনয়নপত্র দাখিল করেন।

সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান জানান, মেয়র পদে ১৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৮৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি জানান, মেয়র পদে ১৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৫৯জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯৪জনসহ মোট ৬৭১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।