কালিয়াকৈরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা


প্রকাশিত: ০৪:২৯ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরের কালিয়াকৈরে নুরিজা বেগম (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী ও সতিন। রোববার সকালে কালিয়াকৈরে উপজেলার রতনপুর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নুরিজা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বড়চাপরিয়া এলাকার মৃত আব্দুস ছালামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাই থানা এলাকার শরিফ হোসেন তার প্রথম স্ত্রী জেসমিনকে নিয়ে প্রায় তিন বছর যাবত রতনপুর এলকার কামাল পাশার বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। জেসমিন একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এ সংসারে তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। শরিফ গত ৭/৮ মাস আগে নুরিজা বেগমকে বিয়ে করেন এবং একই বাড়িতে থাকতেন। নুরিজাও স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।

রোববার সকালে ভাড়াবাড়ি থেকে কিছু দূরে একটি পরিত্যক্ত ছাপড়া ঘরের বারান্দায় নুরিজার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, নুরিজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী শরিফ ও সতিন নাছরিন তাদের সন্তান নিয়ে পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।