বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রফতানি শুরু


প্রকাশিত: ১০:৫২ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

ভারতীয় প্রশাসনের সাথে ফলপ্রসূ আলোচনার পর পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা রোববার সন্ধ্যায় তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুইদেশের মধ্যে আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

দুইদিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে এ যোগাযোগ কার্যক্রম শুরু হয়। রোববার সন্ধ্যার দিকে বেশ কিছু কাঁচামালের পণ্যবাহী ট্রাক বাংলাদেশে রফতানি করে ভারতের ব্যবসায়ীরা। ফলে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গত শনিবার সকালে পেট্রাপোলের বড় ব্যবসায়ীদের রফতানি পণ্যের চালান আগে বেনাপোল বন্দরে প্রবেশের নির্দেশ আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে।

পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ ভারতীয় ১০টি রফতানিকারী প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূতভাবে আগে পণ্য রফতানি করার সুবিধা দেয়ার প্রতিবাদে পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে ধর্মঘটের ডাক দেয়।

রোববার প্রশাসনের সাথে ফলপ্রসূ আলোচনার পর নিয়মবহির্ভূতভাবে আগে পণ্য রফতানি করার সুবিধা দেয়ার নির্দেশনা সাময়িক বাতিল করায় ধর্মঘট প্রত্যাহার করে নেয় বন্দর ব্যবহারকারীরা।

এদিকে, দুইদিন ভারত থেকে বাংলাদেশে আমদানি বন্ধ থাকায় ভারতের পেট্রাপোলে আটকা পড়েছিল কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক। আমদানি শুরু হলে চেকপোস্ট থেকে বন্দর এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। সেই সাথে বন্দরে স্থান সংকুলান না হওয়ায় পণ্যজটের সৃষ্টি হয়েছে।  

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা (সুপার) আব্দুস ছামাদ জানান, ভারতের সিঅ্যান্ডএফ এজেন্টস ও বন্দর এবং কাস্টমসের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর সোমবার সকাল থেকে আমদানি শুরু হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১৭০ ট্রাক পণ্য বন্দরে প্রবেশ করেছে। রোববার সন্ধায়ও পচনশীল ২১ ট্রাক পণ্য বাংলাদেশে প্রবেশ করেছে। ক্ষতি পুষিয়ে নিতে রাত ৮টা পর্যন্ত গেট খোলা রেখে আমদানি কার্যক্রম চলবে বলে তিনি জানান।

উল্লেখ্য, বাংলাদেশে পণ্য রফতানিতে ১০টি ভারতীয় রফতানিকারী প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূতভাবে আগে পণ্য রফতানি করার সুবিধা দেয়ার প্রতিবাদে গত শনিবার থেকে ধর্মঘটের ডাক দেন বন্দর ব্যবহারকারীরা।

জামাল হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।