গরুভর্তি ট্রলারে ডাকাতি, দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম


প্রকাশিত: ১০:১০ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে গরুভর্তি ট্রলারে ডাকাতির সময় দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে ডাকাতরা।

মঙ্গলবার রাতে উপজেলার নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে নারায়ণঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমানেরর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে দুপুরে পুলিশ ঘটনার বিষয় নিশ্চিত করেন।

এলাকাবাসী জানায়, ভৈরব থেকে ট্রলারে করে ৩০-৩৫টি গরু নিয়ে মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ যাচ্ছিল গরু ব্যবসায়ীরা। পথে মেঘনা নদীর নুনেরটেক এলাকায় স্পিডবোটে করে ১০-১২ জনের একটি ডাকাত দল দা, টেঁটা, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে গরুভর্তি ট্রলারে হানা দেয়।

গরুরভর্তি ট্রলারটি ছিনিয়ে ডাকাতদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। ট্রলারে থাকা ব্যবসায়ীরা ডাকাতদের বাধা দেয়। এ সময় গরুর বেপারি মন্টু মিয়া ও রবিউল ইসলাম বাধা দেয়ায় তাদেরকে কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে আহত করে।

ডাকাতদের হামলার সময় ব্যবসায়ীরা চিৎকার করলে নুনেরটেক গ্রামবাসী ও নদীতে থাকা জেলেরা ডাকাতদের ট্রলার যোগে ধাওয়া করে। গ্রামবাসী ও জেলেদের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে স্পিডবোট পালিয়ে যায়। ডাকাতিকালে একটি গরু পানিতে পড়ে নিখোঁজ হয়।

বারদী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মো. লোকমান হেকিম জানান, মেঘনা নদীতে ডাকাতির সময় গরুর ব্যবসায়ীদের চিৎকারে গ্রামবাসী ও জেলেরা এগিয়ে আসলে ডাকাতরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জেলে আলম চাঁন বলেন, ডাকাতির সংঘটিত হওয়ার সময় ডাকাতরা ব্যবসায়ীদের মারধর করছিল। এ সময় গরুর ট্রলার থেকে চিৎকার শুরু হয়। নদীতে থাকা কয়েকজন জেলেকে ও গ্রামের লোকজনকে মোবাইলে বিষয়টি জানিয়ে হৈ চৈ করে দুইদিক থেকে ধাওয়া শুরু করি। পরে ডাকাতরা গুলি করে পালিয়ে যায়। আর আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, ডাকাতির ঘটনায় মামলা গ্রহণ করা হবে। নদীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।  

শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।