প্রশ্নপত্র বাড়িতে রাখার দায়ে শিক্ষকের কারাদণ্ড
রাজশাহীতে এক স্কুল শিক্ষকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চলমান এসএসসি পরীক্ষায় শারীরিক শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্র বাড়িতে রাখার অভিযোগে মাহবুবুর রহমান সেন্টু নামের ওই শিক্ষককে এ শাস্তি দেয়া হয়েছে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুল আরেফিন। দণ্ডপ্রাপ্ত মাহবুবুর রহমান সেন্টু রাজশাহী নগরীর কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র ও সহকারি পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রানীদিঘী এলাকায় শিক্ষক মাহবুবুর রহমানের বাড়িতে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তারা সেখান থেকে চলমান এসএসসি শারীরিক শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্র জব্দসহ তাকে আটক করা হয়। পরে তাকে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।
সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুল আরেফিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরীক্ষার প্রশ্নপত্র রাখার দায়ে শিক্ষক মাহবুবুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এমএএস/পিআর