মধুমতি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা মৌজায় ইজারার নামে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় গোবরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

পরে তারা জেলা প্রশাসকের কাছে অবৈধ বালু উত্তোলনকারীদের নেতা গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির কদরের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র দায়ের করেন।
 
অভিযোগকারী চরগোবরা গ্রামের মোতালেব সিকদার, মোফাজ্জোল হোসেন সিকদার, কেরামত সিকদার, গ্রীসনগর গ্রামের গোলাম মোস্তফা, সুকুমর বিশ্বাস ও কানাই বিশ্বাস জানান, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির কদর মধুমতি নদী ও নদী সংলগ্ন ১৫৩নং চর গোবরা মৌজার প্রায় একশ বিঘা জমির মালিক স্থানীয় জনসাধারণ হওয়া সত্ত্বেও সরকারের কাছ থেকে নামমাত্র ৭৫ শতাংশ জমি লিজ নিয়ে ৩টি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু ও মাটি কর্তন করছে।

এর ফলে ঘর-বাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা অবৈধভাবে এ বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধের দাবি জানাচ্ছি এবং বালু উত্তোলনকারী ফয়সাল কবির কদরের শাস্তির দাবি করছি।

এ ব্যাপারে গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির কদর বলেন, আমি অবৈধভাবে কোনো বালু উত্তোলন করছি না। সরকারের কাছ থেকে ১৪ লাখ ৩ হাজার ৪৩০ টাকা দিয়ে ৭৫ একর জমি ইজারা বন্দোবস্ত নিয়েছি। ইজারাপ্রাপ্ত জায়গা থেকেই আমি বালু উত্তোলন করছি।

এস এম হুমায়ূন কবীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।