সারজিস আলম

বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:৩৩ পিএম, ০৭ মার্চ ২০২৬
শনিবার ফরিদপুরে বক্তব্য রাখেন সারজিস আলম

বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, কয়েকদিন ধরে কিছু মিডিয়া প্রতিষ্ঠান; তারা আসলে কোনো মিডিয়া বা সংবাদপত্র নয়, বরং তারা কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা কোনো দলের তোষামোদ ও চাটুকারিতা করার এক একটা এজেন্ডা। বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান এবং হাউজগুলো নতুন করে দিনে-দুপুরে আবারও ফ্যাসিবাদের দালালি করা শুরু করেছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের দালালি করেছিল। যখন বিএনপি এ স্বৈরাচারের অত্যাচারে নিপীড়িত ছিল তখন তাদের জায়গা থেকে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছে।

তিনি বলেন, আমরা এ দায় বিএনপিকেও দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী কে কোন এজেন্ডা বাস্তবায়ন করছে, সেদিকে যদি আপনার নজর না থাকে, তাহলে আওয়ামী লীগের যারা দোষী ছিল, অপরাধী ছিল, যারা জুলুম করেছে, তাদের পুনর্বাসনের চেষ্টায় যে ফাঁদ তৈরি করছেন, ওই ফাঁদে বিএনপির পতন হবে। সে সময় আর বেশিদিন বাকি নেই।

এ সময় এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্যা, জামায়াতের শুরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব, জেলা আমির মাওলানা বদরুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/আরেএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।