কক্সবাজারে দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ১
কক্সবাজার শহরের কলাতলির কাটা পাহাড় এলাকায় দু’গ্রুপের মধ্যে গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোস্তাক আহমদ ওরফে হাজী মফিজ। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করায় নিহত ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী বলে সন্দেহ করছে পুলিশ।
কক্সবাজার মডেল থানা পুলিশ জানায়, শুক্রবার ভোরে কলাতলির কাটা পাহাড় এলাকা থেকে পুলিশ গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করে। এই সময় ২৮০০ পিস ইয়বা, বন্ধুক ও গুলি জব্দ করা হয়েছে।
কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, কলাতলির কাটা পাহাড়ে ভোরে দু`পক্ষের গুলাগুলির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় তারা গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে।
ঘটনাস্থল থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও কার্টুজ উদ্ধার করে। পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর থানায় আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত মোস্তাক আহম্মদ ওরফে হাজী মফিজ বলে প্রাথমিক ভাবে জানা গেছে। মফিজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইয়াবা পাচারের একাধিক মামলা রয়েছে। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে উল্লেখ করেছেন এ পুলিশ কর্মকর্তা।
সায়ীদ আলমগীর/এফএ/পিআর