বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জেলে ফিরেছেন
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারে ডাকাতির ঘটনায় নিখোঁজ ট্রলারসহ তিন জেলে অবশেষে কূলে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে শাহপরীরদ্বীপ জেটি ঘাট এলাকায় ট্রলারসহ ফিরে আসেন তারা।
ফিরে আসা জেলেরা হলেন- শাহপরীর দ্বীপ বাজার পাড়ার আমিন উল্লাহ, উত্তর পাড়া এলাকার মো. নূর, ডেইল পাড়া এলাকার মো. কাশেম।
জেলেরা বলেন, সাগরে মাছ শিকাররত অবস্থায় জলদস্যুরা আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারের সাত জেলেকে সাগরে ফেলে দেয়। পরে আমাদের ট্রলার নিয়ে পাশের বেশ কয়েকটি ট্রলারে হামলা ও লুটপাট চালিয়ে অনেক দূরে নিয়ে যায়। এসময় মনে হয়েছিল আজকেই শেষ দিন। তবে পরিবার-পরিজনের দোয়ায় আল্লাহর রহমতে সব কিছু নিয়ে ফেলে রাতে আমাদের ছেড়ে দিলে কোনো মতে চলে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তবে সাগরে এ রকম বিপদে আর কোনো দিন পড়তে হয়নি বলে তারা জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে শাহপরীরদ্বীপ পশ্চিম বঙ্গোপসাগরের ১২ বাইন এলাকায় শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার সুলতান আহাম্মদ মাঝির দুই ট্রলার, উত্তর পাড়ার হোসন মাঝি, মাঝর পাড়ার রহিম উল্লাহ মাঝি, মিস্ত্রি পাড়ার শমসু ট্রলার নিয়ে মাছ শিকার কালে হঠাৎ একদল জলদস্যু সুলতান মাঝির ট্রলারে উঠে মাঝিসহ তিন জনকে রেখে সাত জেলেকে সাগরে ফেলে দেয়। পরে এ ট্রলার নিয়ে অন্য ট্রলারের মাঝি-মাল্লাদের হামলা ও লুটপাট চালিয়ে ইঞ্জিন নষ্ট করে দেয় তারা।
ট্রলার মালিকরা ডাকাতির খবরে অন্য ট্রলার পাঠিয়ে সাগরে ভাসমান চার ট্রলারসহ সাগর থেকে জেলেদের উদ্ধার করলেও একটি ট্রলারসহ আমিন উল্লাহ, মো. নূর, মো. কাশেম নিখোঁজ ছিল।
ভাসমান ট্রলারসমূহ অন্য ট্রলারের সাহায্যে টেনে নিয়ে আসা হয়। পরে নিখোঁজ ট্রলার ও জেলেদের বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে ট্রলার মালিক টেকনাফ মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম