তথ্য-প্রযুক্তি এখন শক্তিশালী হাতিয়ার


প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল বিশ্বের এখন শক্তিশালী হাতিয়ার তথ্য-প্রযুক্তি।

তিনি বলেন, অনেক উন্নয়নশীল দেশ এই হাতিয়ার ব্যবহার করে এগিয়েছে। ই-বিজনেস, আইটি, আইইএস, সফটওয়্যার রফতানি এবং আইসিটি সর্ম্পকিত বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নতুন সম্ভাবনা ও সুযোগ সৃষ্টি হচ্ছে।

চুয়েট’র তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের উদ্যোগে কক্সবাজারে শুরু হওয়া তিন দিনব্যাপী ইলেকট্রিক্যাল, কম্পিউটার ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিসিইি) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এটি চলবে।

চুয়েটের ভাইস চ্যান্সেলর বলেন, বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নয়ন বাংলাদেশ গড়ায় তথ্য-প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া এতে সভাপতিত্ব করেন। ইইই বিভাগের সহকারী অধ্যাপক জোবাইদা আখতার ও ইশতিয়াক রেজা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পলিটেকনিক ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ এইচ. রশীদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এক্সিকিউটিভ ডিরেক্টর মি. স্বপন কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন, কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. আসাদুজ্জামান।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।