এবার রাজশাহীতে ইয়াবাসহ বৃদ্ধ আটক
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ২২০ পিস ইয়াবাসহ খবির উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে উপজেলার সেনবাগ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তার বাড়ি উপজেলার আগড়া গ্রামে।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি তদন্ত) হাফিজুর রহমান জানান, বৃদ্ধ খবির উদ্দিন বেশ কিছুদিন যাবৎ মাদক বহনের কাজ করে আসছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। শনিবার তিনি আবারো ইয়াবা নিয়ে বাই সাইকেলযোগে পুঠিয়া সদরের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ এলাকায় বাই সাইকেলের গতি রোধ করে খবির উদ্দিনের দেহ তল্লাশি করে ২২০ পিস ইয়াবা পাওয়া যায়। আটকের পর তিনি দীর্ঘ দিন ধরে মাদক বহনের কাজ করে আসছিলেন বলে স্বীকার করেন।
তার বিরুদ্ধে বর্তমানে পুঠিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।
এমজেড/পিআর