৭ বছরের শিশুকে ২১ বছর বানিয়ে আসামি, বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৫ মে ২০২৬

নাটোরের গুরুদাসপুরে সাত বছর বয়সী এক শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন বিচারক।

মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।

আদালত একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তাকে আগামী সাতদিনের মধ্যে শিশুটিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, গত ২৬ এপ্রিল গুরুদাসপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাত বছর বয়সী এক শিশু আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। মামলার নথিপত্র পর্যালোচনায় আদালত দেখতে পান, এজাহারে শিশুটির বয়স ২১ বছর উল্লেখ করা হয়েছে। অথচ জন্মনিবন্ধন অনুযায়ী ঘটনার সময় তার বয়স ছিল প্রায় সাত বছর।

শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি স্পষ্ট হওয়ার পর আদালত তাৎক্ষণিকভাবে তার জামিন মঞ্জুর করেন এবং কেন প্রকৃত বয়স উল্লেখ করা হয়নি, সে বিষয়ে বাদী ও তদন্তকারী কর্মকর্তার কাছে কৈফিয়ত তলব করেন।

নির্দেশনা অনুযায়ী আজ আদালতে হাজির হন মামলার বাদী শাহানুর রহমান এবং তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেন। এসময় তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, দায়িত্ব পাওয়ার পর তিনি অভিযুক্তদের খোঁজে এলাকায় গেলেও আত্মগোপনে থাকায় বয়স যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি আসামিপক্ষ থেকেও প্রকৃত বয়স সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়নি বলে দাবি করেন তিনি।

তবে আদালত এ ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে বাদীর বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগে মামলার নির্দেশ দেন। পাশাপাশি দ্রুত শিশুটিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ পুনর্ব্যক্ত করেন।

এসময় বাদী আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করলে বিচারক বলেন, ‘এ ধরনের অপরাধ ক্ষমার অযোগ্য। বয়স দুই-এক বছর কমবেশি হতে পারে। কিন্তু সাত বছরের শিশুকে ২১ বছর দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল কাদের জানান, সরকারি কর্মকর্তাকে মিথ্যা তথ্য দিলে দণ্ডবিধির ১৭৭ ও ১৮২ ধারায় শাস্তির বিধান রয়েছে। এ অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।