সিলেটে দগ্ধ মা-মেয়ের ঢামেকে মৃত্যু
মিথেন গ্যাসের আগুনে দগ্ধ সিলেটের মা ও মেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা গেছেন। নিহতরা হলেন- মনোয়ারা বেগম (৪৫) ও তার মেয়ে সৈয়দা জাহিদা সুলতানা (২০)।
শনিবার রাত ১০টায় অগ্নিদগ্ধ দুজনের মৃত্যুর বিয়টি নিশ্চিত করেছেন নিহতদের নিকটাত্মীয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাফর সেতু।
নিহত মনোয়ারা সিলেটের ওসমানীনগর উপজেলার মঙ্গলপুর গ্রামের সৈয়দ আবু বকর সিদ্দিকীর স্ত্রী। সিলেট নগরীর মিরের ময়দানে অর্ণব ৭ নং বাসায় ভাড়াটে থাকতেন তারা।
শুক্রবার রাত ১১টার দিকে লোডশেডিংয়ের মধ্যে জাহিদা বাথরুমে যান। বাথরুমের কমোডের ঢাকনা খোলার পর পরই প্রচণ্ড শব্দ হয় ও আগুন ধরে যায়। আগুনের কবল থেকে জাহিদাকে বাঁচাতে গিয়ে মা মনোয়ারাও দগ্ধ হন। দ্রুত তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রাতেই তাদেরকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মনোয়ারা ও জাহিদার মৃত্যু হয় বলে জানিয়েছেন তাদের নিকটাত্মীয় জাফর সেতু।
তিনি জানান- আগুনে মনোয়ারা ও জাহিদার শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়েছিল।
এসআরজে