বেনাপোলে মাদক ব্যবসায়ীকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৪:১৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

যশোরের বেনাপোল পোর্ট থানার শিকড়ী বটতলা নামক এলাকায় সেলিম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোর রাতের দিকে শিকড়ী এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।  এ সময় প্রতিপক্ষের লোকজনের গুলিতে সেলিম  ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমের মরদেহ উদ্ধার করে।  এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ

পুলিশ জানায়, সেলিম ও তার মা বাবা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে হেরোইন, ফেনসিডিল ও ইয়াবার বড় বড় চালান ভারত থেকে এনে দেশের বিভিন্ন এলাকায় পাচার করতো। তিনি বেনাপোলে মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার নামে বেনাপোল পোর্ট থানাসহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা আছে। সেলিম বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেলিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

জামাল হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।