‘মেরিন একাডেমিতে নারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে’


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মেরিন একাডেমিতে পুরুষের পাশাপাশি নারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালীগঞ্জ উলুখোলা এলাকার ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির প্রি-সি ক্যাডেটদের ৬ষ্ঠ ব্যাচের পাসিং আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নৌমন্ত্রী।
 
তিনি বলেন, মেরিটাইম একাডেমির নাবিকরা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ সময় দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ক্যাডেটদের প্রতি আহ্বান জানান নৌ-পরিবহনমন্ত্রী।
 
বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছেন। শিক্ষা-দীক্ষা ও উন্নয়নকাজে তারা এখন আর পিছিয়ে নেই।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নৌ-মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, প্রতিষ্ঠানের কমান্ডেন্ট ক্যাপ্টেন জাকি আহাদ। অনুষ্ঠানে কোরিয়ার রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। এতে মনোজ্ঞ পাসিং আউট ও কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়।
 
সমুদ্র পরিবহন অধিদফতরের পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত এ প্রতিষ্ঠান হতে এ বছর ৭৫ জন ক্যাডেট নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে।

অনুষ্ঠানে সার্বিক কৃতিত্বের জন্য ক্যাডেট মিনহাজ উদ্দিন আহমেদ চৌধুরীকে স্বর্ণপদক ও অপর দুই ক্যাডেটকে রৌপ্য পদক প্রদান করা হয়।

আব্দুর রহমান আরমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।