চলচ্চিত্র পাইরেসি : জড়িত ৩ যুবক আটক
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থেকে চলচ্চিত্র পাইরেসির সঙ্গে জড়িত তিন যুবককে আটক করেছে র্যাব-১। উদ্ধার করা হয়েছে পাইরেসি ও পর্নোগ্রাফি বিস্তারের কাজে ব্যবহৃত এলসিডি মনিটর ও সিপিইউ।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলো, চাঁদপুরের ফরিদগঞ্জের লোহাগড় এলাকার স্বপন চন্দ্র ঘোষের ছেলে কেশব চন্দ্র ঘোষ (৩৪), ময়মনসিংহের গফরগাঁওয়ের বাঙ্গলকান্দি এলাকার রজব আলীর ছেলে মামুন ওরফে বাবু (২৪) একই থানার আমাটিয়া এলাকার জনু মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১’র একটি আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহর নেতৃত্বে বুধবার রাতে টঙ্গীর পাগাড়ের ঝিনু মার্কেটে অভিযান পরিচালনা চালায়।
কপিরাইট আইন লঙ্ঘন করে অনুমোদনবিহীন বাংলা সিনেমার গান, অন্যান্য মিউজিক ভিডিও, বিভিন্ন শিল্পীদের অশ্লীল ছবি, সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি ও পর্নো ভিডিও ডাউনলোড করে ক্রয়-বিক্রয় করার সময় ওই তিন যুবককে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে সিডি পাইরেসি ও পর্নোগ্রাফি বিস্তারের কাজে ব্যবহৃত তিনটি এলসিডি মনিটর ও তিনটি সিপিইউ উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে- তারা র্দীঘদিন যাবৎ অশ্লীল ভিডিও গান, পর্নোগ্রাফি ও সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবির পাইরেসির কপি গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
আমিনুল ইসলাম/এআরএ/জেআইএম